চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে এক নারীকে পুশ-ইন করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর প্রচেষ্টা বিফল হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতার কারণে এই ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২২৫/৩-আর এর বিপরীতে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ-এর আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা একটি নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঠোর অবস্থান গ্রহণ করে। তাদের তৎপরতার মুখে বিএসএফ-এর পুশ-ইন করার প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই নারীকে শূন্যরেখার কাছে ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, সীমান্তরক্ষী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















