দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যায় জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। সামান্য বৃষ্টিতেই হাসপাতাল চত্বরসহ বিভিন্ন অংশে পানি জমে সৃষ্টি হয় চরম দুর্ভোগের। গত সোমবার (১৫ জুন) সন্ধ্যায় মাত্র ৯১.৪ মিলিমিটার বৃষ্টিতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের সড়কগুলো পানির নিচে তলিয়ে যায়, যা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি আরও বাড়িয়ে তুলেছে।
সন্ধ্যা ৭টার দিকে অল্প সময়ের বৃষ্টির পরই হাসপাতালের জরুরি বিভাগের সামনের অংশ, অভ্যন্তরীণ সড়ক এবং বিভিন্ন ওয়ার্ডের আশেপাশে পানি জমে যায়। বৃষ্টি থেমে গেলেও দীর্ঘ সময় ধরে পানি নিষ্কাশিত না হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগী, তাদের স্বজন এবং হাসপাতালে আসা সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। জেলার প্রধান সরকারি হাসপাতালেই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সামান্য বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে ভারী বর্ষায় অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। বছরের পর বছর ধরে একই সমস্যা চললেও এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
হাসপাতালসংলগ্ন একটি ফার্মেসির ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এটি বহু বছরের পুরোনো সমস্যা। সামান্য বৃষ্টি হলেই হাসপাতাল এলাকায় পানি জমে যায়। অনেকবার আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহজাহান বলেন, বৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চলছে, যাতে রোগী ও স্বজনদের ভোগান্তি কমানো যায়।
রিপোর্টারের নাম 























