দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার পর অবশেষে পাল্টাপাল্টি সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরাইল। সোমবার উভয় দেশের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, তারা আপাতত তাদের সামরিক অভিযান বন্ধ রাখছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরাইল যদি পুনরায় ইরান কিংবা লেবাননে কোনো ধরনের হামলা চালায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এই অবস্থানের কথা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার সকাল পর্যন্ত দুই দেশের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত ছিল। দুই মাস বিরতির পর শুরু হওয়া এই সংঘাত আপাতত থামলেও ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি বজায় থাকবে কি না, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে সংশয় রয়ে গেছে।
রিপোর্টারের নাম 






















