ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া এক যুবলীগ নেতাকে প্রায় সাত মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন (৪৮) অরুয়াইল ইউনিয়ন শাখা নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক হিসেবে পরিচিত। রোববার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর বোরহান উদ্দিনকে অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে থানায় নেওয়ার পথে তার ছোট ভাই, সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে প্রায় শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ বোরহান উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার সন্ধ্যায় অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিশেষ নিরাপত্তা ও সতর্কতার সঙ্গে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, পলাতক ও মামলাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 




















