ইসলামী ব্যাংককে ঘিরে কোনো ধরনের দখল বা অনৈতিক নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঙ্কার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যাংকটি নিয়ে কোনো ধরনের টানাটানির সুযোগ কাউকে দেওয়া হবে না। রাজধানীর মিরপুরে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, সাবেক সরকারের আমলের সুবিধাভোগী ব্যক্তিদের পুনরায় ব্যাংকের দায়িত্বে বসানোর ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, বিগত সময়ে ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাতকে আবারও ক্ষতিগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া জ্বালানি সংকট, গ্যাসের মূল্যবৃদ্ধি এবং দেশের সার্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো গৃহপালিত বিরোধী দল হিসেবে নয়, বরং জনগণের স্বার্থে সবসময় শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।
রিপোর্টারের নাম 






















