বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের প্রত্যাশা অনেক এবং সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। তিনি সতর্ক করে বলেন, এই কঠিন সময়ে গাফিলতি করলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অপূরণীয় ক্ষতি হবে।
রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন এবং শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জিয়াউর রহমান পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেই পথনির্দেশিকা মেনেই কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি জোর দেন যে, সরকারের সফলতা নির্ভর করে দলের সকলের সহযোগিতা ও অংশগ্রহণের ওপর, শুধু মন্ত্রীদের একার পক্ষে এটি সম্ভব নয়।
তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের পর মানুষের যে আকাঙ্খা ছিল তা পূরণ হয়নি। গত ১৭ বছরে বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং গণতন্ত্রের যে অবস্থা হয়েছে, তা সকলেই অবগত। এই পরিস্থিতিতেই বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছে।
তিনি বলেন, সরকারের ইশতেহার এখন জনগণের ইশতেহার এবং যারা এর পক্ষে রায় দিয়েছেন, তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। ইশতেহারে এই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। জনগণের আস্থা অর্জনের জন্য তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীকে ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।
রিপোর্টারের নাম 




















