যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অত্যন্ত সুস্থ’ এবং দেশটির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘সম্পূর্ণ সক্ষম’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসা প্রতিবেদন। মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে এই মূল্যায়ন দেওয়া হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের চিকিৎসক ড. শন বার্বাবেলা জানান, সিটি স্ক্যান, হার্ট ইমেজিংসহ একাধিক পরীক্ষা, ক্যানসার স্ক্রিনিং এবং অন্যান্য প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে মোট ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ৭৯ বছর বয়সী ট্রাম্প নিজেও জানিয়েছেন, তিন ঘণ্টার এই স্বাস্থ্য পরীক্ষায় সবকিছু ‘সম্পূর্ণ নিখুঁতভাবে’ সম্পন্ন হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওজন ১০৮ কেজি, যা গত বছরের তুলনায় ৬ কেজি বেশি। চিকিৎসকেরা তাকে খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে পরামর্শ দিয়েছেন। তবে সামগ্রিকভাবে তার ‘মানসিক ও শারীরিক সক্ষমতা অত্যন্ত ভালো’ বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি হওয়ায় তার বডি মাস ইনডেক্স (বিএমআই) দাঁড়িয়েছে ২৯.৭, যা ৩০ এর কাছাকাছি।
প্রতিবেদনে ট্রাম্পের হাতে কালশিটে বা ক্ষতের দাগের কথাও উল্লেখ করা হয়েছে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, ‘ঘন ঘন করমর্দন বা হাত মেলানোর কারণে নরম টিস্যুতে সামান্য জ্বালাপোড়া’ থেকে এটি হয়েছে। পাশাপাশি একে ‘অ্যাসপিরিন থেরাপির একটি সাধারণ ও মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে কম ডোজের অ্যাসপিরিন ব্যবহারের কথা বলা হয়েছে।
এর আগে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা দীর্ঘমেয়াদি শিরার সমস্যায় ভুগছেন, যা বয়স্কদের মধ্যে তুলনামূলকভাবে একটি সাধারণ অবস্থা এবং এতে পায়ের নিচে রক্ত জমে থাকে। সর্বশেষ পরীক্ষায় তার পায়ে সামান্য ফোলা থাকলেও তা গত বছরের তুলনায় উন্নত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কার্ডিয়াক, পালমোনারি, নিউরোলজিক্যালসহ সব দিক থেকেই ট্রাম্পের স্বাস্থ্য স্বাভাবিক রয়েছে। ডা. বারবারেল লিখেছেন, একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক, জনসম্পৃক্ততা এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডসহ তার প্রতিদিনের ব্যস্ত সময়সূচি সামগ্রিকভাবে তার সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করছে।
রিপোর্টারের নাম 





















