বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান সংস্কার কার্যক্রম অনেক ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগিয়ে নেওয়া হচ্ছে। বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্মাণে আগ্রহী।
শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, দীর্ঘ সময় ধরে ‘ফ্যাসিবাদের জাঁতাকলে’ থাকার কারণে দেশের মানুষ স্বাধীনভাবে এই দিনটি পালন করতে পারেনি। তবে, বর্তমান সময়ে এসে তুলনামূলকভাবে বেশি স্বাধীন পরিবেশে নেতাকে স্মরণ করার সুযোগ মিলেছে বলে তিনি জানান।
বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। তিনি পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করেছিলেন।
তার ভাষায়, জিয়াউর রহমানের রেখে যাওয়া উন্নয়ন ও রাষ্ট্রচিন্তার দর্শন দেশের অগ্রগতির জন্য আজও দিকনির্দেশনা হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
রিপোর্টারের নাম 




















