চীনের সানিয়াতে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে অংশগ্রহণকালে এক নারী লিয়াজোঁ অফিসারের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশ অ্যাথলেটিকস দলের ম্যানেজার নজির মল্লিককে এক বছরের জন্য যেকোনো গেমস এবং নারী দলের কার্যক্রম থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশরাফ জানিয়েছেন, ফেডারেশনের একটি সেইফ গার্ডিং কমিটি অভিযোগটি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতেই নজির মল্লিককে আগামী এক বছর কোনো গেমসে পাঠানো হবে না এবং তিনি নারী দলের ক্যাম্প বা নারী দলের সঙ্গেও সম্পৃক্ত থাকতে পারবেন না। এই নির্দেশনা অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও জানানো হয়েছে।
সম্প্রতি গঠিত চার সদস্যের সেইফ গার্ডিং কমিটির আহ্বায়ক সাবেক অ্যাথলেট শর্মিষ্ঠা রায়। কমিটির সদস্যরা হলেন নির্বাহী কমিটির সদস্য ও দ্রুততম মানবী শিরিন আক্তার এবং নির্বাহী সদস্য মজিবুর রহমান মল্লিক। ড. ওয়াজিদা বানু সদস্য সচিব হিসেবে মূল দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এমন অভিযোগ আগেও এসেছে, তবে অনেক ক্ষেত্রে তা ধামাচাপা পড়ে গেছে। কিন্তু একজন বিদেশি নাগরিকের অভিযোগের ভিত্তিতে এমন শাস্তিমূলক ব্যবস্থা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিরল। যদিও অভিযোগের বিষয়ে নজির মল্লিক বলেছেন, তিনি ভিডিও করার জন্য অল্প সময়ের জন্য হেলমেট ছাড়া বাইক চালিয়েছেন, তবে ফেডারেশন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বহাল রেখেছে।
রিপোর্টারের নাম 






















