চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিসমিল্লাহ ম্যানশন নামের একটি ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে যায়। তবে পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ঘেরাও করে এবং তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তেজিত জনতা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















