নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অর্থের লোভে নিজের দুই শিশু সন্তানকে একটি মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়ার এক লোমহর্ষক ঘটনা উন্মোচিত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযান চালিয়ে অপহৃত ওই দুই শিশুকে উদ্ধারসহ পাষণ্ড বাবা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। পিবিআই জানিয়েছে, মাত্র ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুদের বিক্রি করে দেওয়া হয়েছিল।
গ্রেফতারকৃতরা হলেন—শিশুদের বাবা মেজবাহ উদ্দিন এবং তার সহযোগী এমদাদুল হক রাব্বানী ও নুর-ই-নাসরিন। তারা সবাই একটি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে আরিয়ানের বয়স পাঁচ বছর এবং আব্দুর রহমান জুবায়েতের বয়স মাত্র ২৮ দিন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মেজবাহ উদ্দিন প্রায়ই তার স্ত্রীকে সন্তানদের বিক্রি করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে পরিকল্পিতভাবে শিশুদের সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় শিশুদের মা মামলা দায়ের করলে পিবিআই তদন্তে নামে এবং রাজধানীর বনানী, সাভার ও পল্লবী এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে।
রিপোর্টারের নাম 






















