সুন্দরবনের সংরক্ষিত এলাকায় কাকড়া সংগ্রহের সময় বন বিভাগের কর্মকর্তার গুলিতে আমিনুর রহমান গাজী (৪৫) নামে এক জেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) সকালে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন সংলগ্ন বাটলো পাটকোস্টা এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে আমিনুরের সহকর্মীরা তার মরদেহ নিয়ে লোকালয়ে ফিরে আসেন।
আমিনুর নিহতের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জেলেরা সাতক্ষীরার বন কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান, এতে পাঁচ বনকর্মী আহত হন। নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের বাসিন্দা ছিলেন।
আমিনুরের সহকর্মীদের ভাষ্যমতে, তারা চারজন ১৩ মে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাকড়া সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। রবিবার রাতে তাদের নৌকা বাতাসের টানে অভয়ারণ্য এলাকায় চলে যায়। সোমবার সকালে ফেরার পথে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন। এ সময় বনকর্মীরা তাদের বনের মধ্যে রেখে যেতে চাইলে জেলেরা বাধা দেন। এতে নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক গুলি চালান, যাতে আমিনুর গুলিবিদ্ধ হন। পরে তাকে কোনো প্রকার চিকিৎসা বা উদ্ধার সহায়তা না দিয়ে ফেলে রেখে চলে যায় বনকর্মীরা। জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথেই তার মৃত্যু হয়।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, এই বিষয়ে তাদের স্মার্ট পেট্রোলিং টিম এখনও কোনো তথ্য দেয়নি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, মরদেহ নিয়ে পরিবার কী করবে তা নিয়ে তারা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।
সুন্দরবনের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, জেলেরা পাস নিয়ে সুন্দরবনে গেলেও সংরক্ষিত এলাকায় ঢুকে মাছ ধরার সময় আটক হন। তারা বনকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 





















