নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এক ভয়াবহ বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। ক্যান্টিনে কর্মরত অবস্থায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ চুলার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটলে সেখানে উপস্থিত প্রায় ১২ জন দগ্ধ হন। তাদের হাত, মুখ ও পা পুড়ে যায়। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, হাসপাতালে আনা ১২ জন দগ্ধ রোগীর মধ্যে তিনজনকে অতিরিক্ত দগ্ধ হওয়ায় আইসিইউ এবং এইচডিইউতে রাখা হয়েছে। তাদের দগ্ধের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার।
স্বাস্থ্যমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। তারা আহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করতে বলেন এবং চিকিৎসার বিষয়ে সরকারের পক্ষ থেকে সবধরনের সহায়তার আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 






















