জনগণের কল্যাণে নিবেদিত এবং দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টিকারী প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে গতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও আন্তরিক হতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার বেলাল হোসেনসহ এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশ নেন।
রিপোর্টারের নাম 























