গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, যেখানে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
নিহত ব্যক্তিরা হলেন- সিলেট সদর থানার কৃষাণ (৪৬), শ্রীপুর উপজেলার আজহারুল ইসলাম (৩৬) এবং রাজধানীর সেলিম (৩৮)। পুলিশ জানিয়েছে, নিহতরা পেশাদার গরু চোর ও ডাকাত ছিলেন এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রমতে, কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরির ঘটনায় তিনি বাদী হয়ে নিহত তিন ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া, গণপিটুনিতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় কালিয়াকৈর থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানেও অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ১০-১২ সদস্যের একটি গরুচোর চক্র পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে প্রবেশ করে। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে তারা চোরদের ধাওয়া করে। জনতা তিন চোরকে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানিয়েছেন, গরু লুট করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তিন চোরকে আটক করলেও আরও সাত থেকে আট জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 






















