কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’। শুক্রবার (৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বৃদ্ধি পেয়েছে এবং অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। তারা এসব মামলাকে ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন বলেন, অনেক সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, অনেককে চাকরিচ্যুত করা হয়েছে এবং কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি কারাবন্দী সাংবাদিকদের মুক্তি এবং নির্যাতন বন্ধ করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সদস্য সচিব শেখ জামাল দাবি করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর দমননীতি চালানো হয়েছে এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ৪৭ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, যাদের কয়েকজন এখনও কারাগারে রয়েছেন। এছাড়া ১৩ জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন এবং ৪৪৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এক হাজারের বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন এবং অনেক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, ব্যাংক হিসাব জব্দ ও বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের ঘটনাও ঘটেছে। ভবিষ্যতে যাতে সাংবাদিকদের ওপর এ ধরনের নির্যাতন না ঘটে, সেই লক্ষ্যেই ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’ গঠন করা হয়েছে বলে তিনি জানান।
মানববন্ধন থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাংবাদিক হত্যার বিচার, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) কার্যালয় খুলে দেওয়া, জাতীয় প্রেস ক্লাবের স্থগিত সদস্যপদ পুনর্বহাল এবং বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
রিপোর্টারের নাম 




















