দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, সাংবাদিকতাকে রাজনৈতিকীকরণ করা হয়েছে এবং পেশাগত দায়িত্বের চেয়ে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়া সহজ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন যে, সরকার পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকদের নেতৃত্বও পরিবর্তিত হয়, যা পেশাদারিত্বের জন্য ক্ষতিকর।
শুক্রবার (৮ মে) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’–এর প্রথম সেশনে মাহফুজ আনাম এসব কথা বলেন। তিনি মনে করেন, অনুসন্ধানী সাংবাদিকতাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তবে দেশে এর চর্চা যথেষ্ট নয় এবং এর ভবিষ্যৎ নির্ভর করছে সম্পাদকদের ভূমিকার ওপর।
মাহফুজ আনাম বলেন, ‘রাইজ অব এডিটোরিয়াল ইনস্টিটিউশন এবং ইনডিপেনডেন্ট জার্নালিজমই অনুসন্ধানী সাংবাদিকতার পূর্বশর্ত। দুর্ভাগ্যবশত আমাদের সম্পাদকেরা সেই মানে পৌঁছাতে পারছেন না।’ তিনি আরও বলেন, সরকারের নিজেদের উন্নয়নের জন্যই স্বাধীন সাংবাদিকতা প্রয়োজন। বিগত সরকারগুলোর পতনের অন্যতম কারণ ছিল স্বাধীন গণমাধ্যমকে বিকশিত হতে না দেওয়া।
রাজনীতির পরিবর্তনে সাংবাদিকতার বড় প্রভাব রয়েছে উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, উন্নতি করতে হলে ক্ষমতার লড়াই, দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি তহবিল ও সম্পদের অপব্যবহার রুখতে হবে। একমাত্র অনুসন্ধানী সাংবাদিকতাই ক্ষমতাকে দায়বদ্ধ করতে পারে, সুশাসন নিশ্চিত করতে পারে এবং সমাজে জবাবদিহি আনতে পারে। এটি গণতন্ত্রের বিকাশের প্রাণকেন্দ্র এবং বাংলাদেশের জন্য বর্তমানে এটি অত্যন্ত জরুরি।
অনুসন্ধানী সাংবাদিকতার এই সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ডন পত্রিকার সম্পাদক জাফর আব্বাস, টরন্টো স্টারের সাবেক সম্পাদক মাইকেল কুক ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। সেশনটি পরিচালনা করেন বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার।
রিপোর্টারের নাম 




















