সম্প্রতি বাংলাদেশ সফরে আসা লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী দেশের তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে নতুন কুঁড়ি স্পোর্টসের একটি খেলা দেখতে যান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বিদেশি কোচ নিয়োগ এবং দেশের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।
নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে খেলাধুলার জন্য রেজিস্ট্রেশন করেছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক। হামজা চৌধুরী একজন তারকা খেলোয়াড় এবং প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সঙ্গে মিলে তিনি যে অনুপ্রেরণা দিয়েছেন, তা কেবল আজকের এই মাঠেই সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে ছড়িয়ে পড়বে। এটি তরুণ-তরুণীদের খেলাধুলায় যুক্ত হতে এবং নিজেদের গড়ে তুলতে উৎসাহিত করবে।’
বিদেশি কোচ নিয়োগ প্রসঙ্গে তাবিথ আউয়াল জানান, বর্তমানে ১১ জন প্রার্থীর সাক্ষাৎকার অনলাইনে চলছে এবং আগামী রবিবার নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে। যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেবো। টার্গেট হলো রবিবারের ভেতর একটা ফাইনাল ডিসিশনে চলে যাবো। ১৫ মের ভেতরে আমরা চাই পরবর্তী কোচের চুক্তি স্বাক্ষর করতে।’
বিদেশি কোচদের আগ্রহের ব্যাপারে তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদের নিয়ে। কিন্তু বিস্তারিত আলোচনায় গেলেই প্রতিকূলতা চলে আসে। তাই আমরা বাংলাদেশের বর্তমান অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো শুনছি। যেগুলো বিবেচনার মাধ্যমে ফাইনাল একটি ডিসিশনে চলে যাবো।’ কোচ নির্বাচনের ক্ষেত্রে বাজেট একটি বড় বিষয় হলেও, বাফুফে বিনিয়োগের বিপরীতে সেরা সাফল্য খুঁজছে। বর্তমানে ৫ জনের সাক্ষাৎকার শেষ হয়েছে এবং আগামী দুই বছরের ক্যালেন্ডার ও দলের লক্ষ্যমাত্রা বিবেচনা করে কোচ নির্বাচন করা হবে।
রিপোর্টারের নাম 



















