জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই আন্দোলনে নেতৃত্বের সামনের সারিতে ছিলেন। আন্দোলনের সময় তাকে ডিবি হেফাজতে নেওয়া হলেও দমে যাননি তিনি। সেই আন্দোলনের পথ ধরেই তার জাতীয় রাজনীতিতে অভিষেক হলো।
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নুসরাত তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, সংসদে তিনি কেবল সংখ্যাতত্ত্বের প্রতিনিধি হতে চান না, বরং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অর্থবহ ভূমিকা রাখতে চান। রাজনীতিতে সহনশীলতা ফিরিয়ে আনা, সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং নারীর সামাজিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম লক্ষ্য। তিনি সংসদে সুস্থ ধারার রাজনীতির সুবাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দলে সৃষ্ট সাময়িক অসন্তোষ প্রসঙ্গে নুসরাত বলেন, দলের হাইকমান্ডের ব্যাখ্যায় তিনি সন্তুষ্ট হয়ে পুনরায় সক্রিয় হয়েছেন। বর্তমানে জোটের প্রতিনিধি হিসেবে তিনি জোটের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তারুণ্যের প্রতিনিধি হিসেবে সংসদে ইতিবাচক পরিবর্তনের ডাক দিয়েছেন এই নবীন সংসদ সদস্য।
রিপোর্টারের নাম 




















