দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে এই সকল শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রতি মাসে দুটি করে উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে এবং প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয় বাছাই করে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হবে। প্রাথমিকভাবে এটি একটি পাইলট প্রকল্প হিসেবে চালু হলেও, পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণিতেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
চলতি অর্থবছরেই দুই লক্ষাধিক শিক্ষার্থী ড্রেস, ব্যাগ ও জুতা পাবে। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পর দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। সরকার দুই লক্ষ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু করেছে। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছেন।
গত ২২ এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান যে, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয় আগামী ১৮০ দিন, আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। তিনি আরও বলেন, “এই অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণসহ অন্যান্য উদ্যোগ বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।”
এর আগেও গত ৮ এপ্রিল জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী প্রাথমিকের দুই লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কথা উল্লেখ করেছিলেন। একই দিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন যে, জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























