ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত কয়েক সপ্তাহে হাসপাতালটিতে হামের উপসর্গে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। বর্তমানে মমেক হাসপাতালের বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে অন্তত ৬৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। মৃত দুই শিশুর মধ্যে একজন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ১০ মাস বয়সী শিশু এবং অন্যজন জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচ মাস বয়সী শিশু। চিকিৎসকদের মতে, শিশুদের শরীরে হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের জটিলতা ছিল। ভর্তির অল্প সময়ের মধ্যেই তাদের মৃত্যু হয়।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত প্রায় এক হাজার শিশু হামের উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯১১ জন। রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তিনটি মেডিকেল টিমের মাধ্যমে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















