বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলাম। বুধবার ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অগ্রাধিকারসমূহ এবং ইন্দো-প্যাসিফিক প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের (ডিএসসিইউ) মাধ্যমে সামরিক দক্ষতা উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে উভয় পক্ষই আগামী দিনে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সামরিক কর্মকর্তা এবং ডিএসসিইউ-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























