চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার জামিলার মা রুনা বেগম তার স্বামী রিপন আলীসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, প্রায় দুই বছর আগে সুমাইয়ার বিয়ে হলেও পরবর্তীতে প্রেমের সম্পর্কের জের ধরে গত ৩০ অক্টোবর তিনি রিপন আলীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমাইয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। গত ২৭ এপ্রিল রাতে স্বামী রিপন আলী সুমাইয়াকে তার বাবার বাড়ি থেকে নিয়ে যান। মঙ্গলবার সকালে সুমাইয়ার অসুস্থতার খবর দিয়ে তার মাকে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। সেখানে পৌঁছে নিহতের মা মেয়ের নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
রিপোর্টারের নাম 























