ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন অঞ্চল-৬ এর দক্ষিণগাঁও এবং নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার আয়োজিত একটি অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও নাগরিক অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছু ছাড় দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং তাদের স্থাবর সম্পত্তির মূল্যও বহুগুণ বৃদ্ধি পাবে।
ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ড্রেন বা খালে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং বাড়ির আঙিনায় পানি জমতে দেওয়া যাবে না। ডিএসসিসি ইতোমধ্যে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পানি নদীতে নিষ্কাশনের আউটলেট নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের মূল লক্ষ্য কোনো ব্যক্তিগত সুবিধা নয়, বরং জনগণের সামগ্রিক কল্যাণ। তিনি উল্লেখ করেন যে, তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার যে মহাপরিকল্পনা, ঢাকা-৯ এলাকার উন্নয়নও তারই অংশ। তিনি মশক নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির বর্তমান কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















