শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এখন থেকে ভর্তি কার্যক্রমসহ সকল প্রকার ফি ও বিল অনলাইনে পরিশোধ করা যাবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে এক সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, চাকসুর নেতৃবৃন্দ এবং সোনালী ব্যাংক পিএলসি-এর কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ব্যাংকে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন, সময় অপচয় এবং সার্বিক ভোগান্তি কমানো। এর ফলে শিক্ষার্থীরা এখন ঘরে বসেই যেকোনো সময় তাদের প্রয়োজনীয় ফি ও বিল পরিশোধ করতে পারবেন, যা তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ভর্তি পরীক্ষাসহ সকল ফি অনলাইনে পরিশোধের সুযোগ। আমরা সেই চাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করছিলাম এবং এখন তা বাস্তবে রূপ নিয়েছে। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা সকল ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।’
চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, ‘আমাদের নির্বাচনের অন্যতম প্রধান ইশতেহার ছিল বিশ্ববিদ্যালয়ে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা সেই ইশতেহার পূরণ করতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কিছু পরিষেবাকেও অটোমেশন সিস্টেমে আনার কাজ চলছে।’
রিপোর্টারের নাম 



















