কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে চরম স্থবিরতা দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা, অ্যাসাইনমেন্ট তৈরি এবং ল্যাপটপ-ফোন চার্জ দিতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে প্রশাসনিক কাজও ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন বিভাগে নির্ধারিত ক্লাস, পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত করা হয়েছে, যা অ্যাকাডেমিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় তাদের পক্ষে প্রেজেন্টেশন তৈরি করা বা জরুরি কাজ সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী বিকল্প ব্যবস্থার অভাবে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, শালবন এলাকায় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটি ও কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পিডিবি মেরামতের কাজ করছে বলে জানিয়েছে, তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পিডিবির পক্ষ থেকে সন্ধ্যার মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















