সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন বরেণ্য সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আজীবন সদস্য সৈয়দ আবদাল আহমদ। তাঁর এই নতুন দায়িত্ব লাভে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ডিআরইউর কার্যনির্বাহী কমিটি।
সোমবার এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এই অভিনন্দন জানান। তাঁরা বলেন, সৈয়দ আবদাল আহমদ সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও পেশাদারিত্ব তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। তিনি এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ফিলিপস পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ডিআরইউ নেতৃবৃন্দ তাঁর সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
রিপোর্টারের নাম 





















