এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র একটি প্রতারক চক্রের মাধ্যমে অনলাইনে লাগামহীনভাবে ফাঁস হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, প্রশ্ন ফাঁসের এই ভয়াবহ ঘটনা সম্পর্কে দায়িত্বশীলদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর তৎপরতা দেখা যায়নি, যা শিক্ষা মন্ত্রণালয়ের চরম দায়িত্বহীনতাকেই স্পষ্ট করে। এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণের চেয়ে পরীক্ষার হল তদারকিতে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে চলেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ২০ তারিখ থেকে এই প্রশ্ন ফাঁস শুরু হলেও মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারের এ ধরনের উদাসীনতা শিক্ষা ব্যবস্থার ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে বলে এনসিপি মনে করে।
এনসিপি আরও বলেছে, পরীক্ষার হলে তদারকির জন্য শিক্ষক ও পরিদর্শকরাই যথেষ্ট। মন্ত্রীর প্রধান দায়িত্ব প্রশাসনিক তদারকি, পরীক্ষার হল ঘুরে রিলস বানানো নয়। প্রশ্ন ফাঁসের ঘটনা মন্ত্রণালয়ের উদাসীনতার প্রমাণ। মন্ত্রী ও মন্ত্রণালয়ের অবহেলায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার অপূরণীয় ক্ষতি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনার সুরাহা না করে পরীক্ষা চালিয়ে যাওয়া সমীচীন হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রিপোর্টারের নাম 
























