সারাদেশে সম্ভাব্য উগ্রবাদী হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদরদপ্তরের সতর্কবার্তার প্রেক্ষাপটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শনিবার রাজধানীর মিন্টু রোডে এক ব্রিফিংয়ে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সিটিটিসি জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সদস্যের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগের মতো জনাকীর্ণ এলাকায় নাশকতার পরিকল্পনা করতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে। চিঠিতে বোমা হামলার পাশাপাশি দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে একই ব্রিফিংয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলা প্রতারণার বিষয়েও তথ্য দেওয়া হয়। সিটিটিসি জানায়, প্রশ্ন ফাঁসের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সরবরাহ করা প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নপত্রের কোনো মিল নেই। সাধারণ মানুষকে এ ধরনের অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 




















