রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। হকারদের পুনর্বাসনের লক্ষ্যে শহরের ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা করা হয়েছে। শনিবার গুলশানে আয়োজিত এক সংলাপে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এই তথ্য জানান।
প্রশাসক জানান, হকারদের নিবন্ধনের আওতায় এনে নির্দিষ্ট স্থানে বসার অনুমতি দেওয়া হবে। তবে কোনো স্থায়ী স্থাপনা করা যাবে না; দোকানগুলো হবে ট্রলি বা সহজে সরানো যায় এমন আদলে। একটি নির্দিষ্ট সময়ের পর দোকানগুলো সরিয়ে নিতে হবে এবং রক্ষণাবেক্ষণের জন্য হকারদের কাছ থেকে সামান্য ফি আদায় করা হবে।
শফিকুল ইসলাম খান আরও বলেন, জনভোগান্তি কমাতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনা ও খাল পরিষ্কার রাখার ক্ষেত্রেও জনগণের সচেতনতা জরুরি। যথাযথ নিয়ম না মানলে এবং যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানার বিধান রাখার বিষয়েও চিন্তা করছে কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 




















