সারাদেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত দেড় মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে অন্তত ২৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব পাওয়া গেছে এবং বাকি ২০৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই সময়ে সারাদেশে ৩০ হাজার ৬০৭ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত ১২৪ জন শিশুর মৃত্যু এবং ১৬ হাজারেরও বেশি শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এই উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ২০ হাজার ৪৭৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৭ হাজার ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের দ্রুত টিকাদান এবং লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 




















