রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক এশিয়ার বোর্ড নির্বাহী কমিটির স্পন্সর ডিরেক্টর ও চেয়ারম্যান রুমি এ হোসেন। শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন এই পরিচালনা পর্ষদে আর্থিক ও প্রশাসনিক খাতের বেশ কয়েকজন দক্ষ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্ষদের অন্য সদস্যরা হলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বিমানের সাবেক চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন পদত্যাগ করার পর থেকে পদটি দীর্ঘদিন শূন্য ছিল। নতুন এই পর্ষদ গঠনের মাধ্যমে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পদাধিকারবলে বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদও এই পর্ষদের সদস্য হিসেবে থাকছেন।
রিপোর্টারের নাম 





















