নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফার গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলীয় সূত্রে জানা গেছে, হোগলা ইউনিয়ন থেকে ফেরার পথে মাগরিবের নামাজ আদায়ের জন্য উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে গাড়ি থামিয়েছিলেন সংসদ সদস্য। ওই সময় শতাধিক দুর্বৃত্ত অতর্কিতে তার গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। হামলাকারীরা দীর্ঘ সময় মসজিদ ঘেরাও করে সংসদ সদস্যসহ তার সফরসঙ্গীদের অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এমন হামলা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টারের নাম 



















