ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অপরাধ দমনে যেকোনো তথ্য পুলিশকে জানালে তা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বসিলায় একটি পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান এবং মোহাম্মদপুর থানার “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ ক্যাম্পটি পরিদর্শন করেন এবং বসিলা এলাকাবাসীর জন্য এর গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে মোহাম্মদপুর থানায় আয়োজিত “ওপেন হাউস ডে” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার ব্যাপারে ডিএমপি’র দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে মাদক, জুয়া, কিশোর গ্যাং, ইভটিজিং, জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধে সুধী সমাজের ভূমিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় নগরবাসীর বিভিন্ন সমস্যা শোনা হয় এবং সে অনুযায়ী দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, র্যাব-২-এর অধিনায়ক খালিদুল হক হাওলাদার, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান, ট্রাফিক-তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মোহাম্মদপুর থানার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে যোগ দেন।
রিপোর্টারের নাম 





















