সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কোনো অবস্থাতেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার এক বিবৃতিতে সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এই নির্দেশনার কথা জানান।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশের কোনো রুটে বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। পরিবহন মালিক ও শ্রমিকদের এই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মালিক সমিতি জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ কয়েক গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে পরিবহন খাতকে লোকসানের হাত থেকে বাঁচাতে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত সরকার নতুন ভাড়া নির্ধারণ না করছে, ততক্ষণ পুরনো হারেই ভাড়া আদায় করতে হবে।
রিপোর্টারের নাম 





















