ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) ৮২তম অধিবেশনে বাংলাদেশ শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে। এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
‘কাউকে পেছনে না রেখে: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সকল বয়সের জন্য একটি সমাজ গড়ে তোলা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১-২৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে এই অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশন উদ্বোধন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল।
মন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং বিদ্যমান অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পারস্পরিক অংশীদারিত্ব এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা, বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনকে উৎসাহিত করার ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করেন। একই সঙ্গে, তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল অর্থনীতিতে তাঁদের অংশগ্রহণ বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
রিপোর্টারের নাম 























