ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ এবং তাদের সহযোগিতায় সর্বদা নিবেদিত থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেবকের ভূমিকায় কাজ করার ওপর জোর দেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
প্রতিমন্ত্রী কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে। সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।
তিনি আরও বলেন, অফিসে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করার বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া, দপ্তরের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।
রিপোর্টারের নাম 





















