দেশের স্বার্থ ও শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিশেষ করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে বিদেশি প্রতিষ্ঠানের প্রস্তাবনা নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
মন্ত্রী বলেন, দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এনসিটি পরিচালনার জন্য একটি প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে যাচাই-বাছাই করা হচ্ছে। বন্দরের সক্ষমতা বাড়ানো আমাদের লক্ষ্য, তবে তা অবশ্যই দেশের সার্বভৌমত্ব ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করে হতে হবে। যদি দেখা যায় এই পদ্ধতিতে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না, তবে সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাবে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে এই টার্মিনাল নিয়ে অনেক আন্দোলন ও জটিলতা হয়েছে। বর্তমান সরকার কোনো অমীমাংসিত বিষয় ঝুলিয়ে রাখতে চায় না। দ্রুততম সময়ের মধ্যে এনসিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বন্দরের বিগত সময়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
রিপোর্টারের নাম 
























