দেশের যোগাযোগ অবকাঠামো ও জননিরাপত্তার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি স্টেশনের উন্নয়ন এবং গাজীপুরের পূবাইলে ফায়ার স্টেশনের জন্য জমি বরাদ্দের বিষয়টিও চূড়ান্ত করা হয়। একই সভায় সিলেট ও চাঁদপুর জেলার বিভিন্ন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে সুপারিশ করা হয়।
ভূমিমন্ত্রী সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে ভূমি অধিগ্রহণ অত্যন্ত জরুরি হলেও তা যেন জনগণের জন্য দুর্ভোগের কারণ না হয়। তিনি প্রচলিত আইন ও বিধি মেনে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ দেন। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উর্বর কৃষিজমি সংরক্ষণের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা প্রদান করেন এবং কৃষিজমি যথাসম্ভব এড়িয়ে প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন।
রিপোর্টারের নাম 























