দেশের পাবলিক পরীক্ষাগুলোতে দীর্ঘ কয়েক দশক ধরে চলে আসা ‘সাইলেন্ট এক্সপেল’ বা ‘নীরব বহিষ্কার’ প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ নির্দেশনার পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালার ২৯ নম্বর অনুচ্ছেদটি অকার্যকর হয়ে গেল।
শনিবার রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে আর ‘নীরব বহিষ্কার’ করা যাবে না। এর আগে এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী জানান, ১৯৬১ সালের একটি পুরনো ও অযৌক্তিক নীতিমালার কারণে এই প্রথা চালু ছিল, যা ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনেই বিদ্যমান নেই। তিনি এই প্রথাকে ‘আদিম’ হিসেবে অভিহিত করে বলেন, পরীক্ষাকেন্দ্রে এখন বড় ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই, তাই এমন নিয়ম রাখার কোনো যৌক্তিকতা নেই।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যেন আনন্দঘন পরিবেশে পরীক্ষা দিতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার হলে অযথা ভীতি দূর করে স্বচ্ছতা ও আধুনিক শিক্ষা পদ্ধতি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। এই সিদ্ধান্তকে শিক্ষার্থী ও অভিভাবক মহল ইতিবাচক হিসেবে দেখছেন।
রিপোর্টারের নাম 























