দীর্ঘ দুই দশক পর পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে বইছে আনন্দের জোয়ার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে জিয়া পরিবারের আদি নিবাস ‘জিয়াবাড়ি’ সংস্কার ও সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। ঘরের ছেলেকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দারা।
দিনব্যাপী এই সরকারি সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর নবনির্মিত আইনজীবী সমিতি ভবন ও ‘ই-বেলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন। দুপুরে গাবতলীর বাগবাড়ীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস পরিদর্শন করবেন তিনি।
বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















