অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও হামলা থামছেই না। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নতুন করে চালানো হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের নাম ইউসুফ হাসান। রাফাহর উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সামরিক যান থেকে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে রাফাহর মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু আহত হয়েছে। এ ছাড়া প্রায় এক বছর আগে উত্তর গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়া ২৫ বছর বয়সী আহমেদ হানি ওবেইদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুধু গাজা নয়, পশ্চিম তীরের বিভিন্ন স্থানেও চলছে ইসরায়েলি সেনাদের তাণ্ডব। অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনিকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। অন্যদিকে হেবরনের দক্ষিণে বিভাজন প্রাচীর সংলগ্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শ্রমিক আহত হয়েছেন। হেবরনের উত্তর-পূর্বে ফিলিস্তিনিদের লক্ষ্য করে পিপার স্প্রে ছিটানোর ফলে আরও চারজন অসুস্থ হয়ে পড়েছেন।
রিপোর্টারের নাম 


















