ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ওয়াশিংটনের কাছে হস্তান্তরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ এই দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না।
এক বিশেষ সাক্ষাৎকারে খতিবজাদেহ বলেন, পারমাণবিক কর্মসূচির মতো স্পর্শকাতর বিষয়ে ওয়াশিংটন ক্রমাগত অযৌক্তিক ও অতিরিক্ত দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের এমন অনড় অবস্থানের কারণেই তেহরান আপাতত মার্কিন কর্মকর্তাদের সাথে নতুন করে কোনো আলোচনায় বসতে ইচ্ছুক নয়। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক উপাদান সংগ্রহের যে দাবি করেছেন, তা বাস্তবসম্মত নয় এবং ইরান তা মেনে নেবে না।
খতিবজাদেহ আরও উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বেশ কয়েকবার বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্র তাদের একতরফা দাবিতে অনড় রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তাদের যেকোনো যৌক্তিক উদ্বেগ নিরসনে আলোচনা করতে প্রস্তুত থাকলেও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রস্তাব কখনোই গ্রহণ করবে না।
রিপোর্টারের নাম 


















