বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বেলা সাড়ে ৩টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রমতে, এই সম্মেলনে সরকারের গত দুই মাসের প্রশাসনিক কার্যক্রম, অর্জিত অগ্রগতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে জাতির সামনে তুলে ধরা হবে। এছাড়া দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার। সেই হিসেবে ১৬ এপ্রিল বর্তমান সরকারের দুই মাস পূর্ণ হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















