যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রাণনাশের হুমকি দিয়ে আলোচনায় আসা চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে বড় অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার শুরু থেকেই দণ্ডপ্রাপ্ত এই আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রায় ৫৬ লাখ ৭১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালে তার বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত আজ এই রায় দেন। উল্লেখ্য, চেয়ারম্যান থাকাকালে মুজিবুল হক চৌধুরী মার্কিন রাষ্ট্রদূতসহ আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে দেশজুড়ে সমালোচিত হয়েছিলেন।
রিপোর্টারের নাম 





















