কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি প্রশস্ত করার দাবিতে জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মাত্র ১৮ ফুট প্রশস্ত এই সড়কটি এখন ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করা না হলে নির্বাচনি এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এমপি হাসনাত আবদুল্লাহ জানান, চট্টগ্রাম ও সিলেটের সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন। কিন্তু সরু রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। চলতি মাসেই এই সড়কে ২৩ জনের মৃত্যু হয়েছে। এমনকি তার বক্তব্যের কিছুক্ষণ আগেই সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যুর খবর পান তিনি। তিনি আক্ষেপ করে বলেন, সড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও এক দশকেরও বেশি সময় ধরে প্রশাসনিক জটিলতায় কাজ থমকে আছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি প্রশস্ত করার জন্য বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, এলাকার মানুষ প্রতিনিয়ত লাশের মিছিল দেখছে, যার দায়ভার তাকে নিতে হচ্ছে। ডেপুটি স্পিকার তাকে সংসদীয় বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দিলেও তিনি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
রিপোর্টারের নাম 






















