দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিনটি জাহাজ। বুধবার এসব জাহাজ থেকে জ্বালানি তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিপিসি জানায়, সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ গত মঙ্গলবার থেকে ডলফিন জেটি-৬-এ তেল খালাস করছে। অন্যদিকে, মালয়েশিয়া থেকে ৯ এপ্রিল যাত্রা শুরু করে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসা ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ এবং ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসা ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বন্দরের গভীরতা সমস্যার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে কিছু তেল খালাস করে হালকা হওয়ার পর জেটিতে ভেড়ানো হয়। লাইটারেজ প্রক্রিয়ায় খালাস শেষে জাহাজগুলো পর্যায়ক্রমে জেটিতে ভিড়ছে। এই বিশাল পরিমাণ জ্বালানি তেল আসায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রিপোর্টারের নাম 




















