বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে রক্তাক্ত করার সেই ভয়াল ঘটনার ২৫ বছর পূর্ণ হয়েছে। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বর্বরোচিত বোমা হামলায় ১০ জন প্রাণ হারিয়েছিলেন। সেই কলঙ্কিত ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিস্ফোরক আইনের মামলার বিচারকাজ এখনো শেষ হয়নি, যা বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
ঘটনার পর করা হত্যা মামলার রায় ১৩ বছর আগে ঘোষণা করা হলেও বিস্ফোরক মামলাটি বর্তমানে আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। এই মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং আসামিদের সময়মতো আদালতে হাজির করতে না পারায় বিচারকাজ বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে। সর্বশেষ গত ৩১ মার্চ শুনানির তারিখ থাকলেও আসামিদের আদালতে না আনায় আগামী ৯ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
আইনজীবীদের মতে, বিগত বছরগুলোতে মামলাটি দ্রুত নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপের অভাব ছিল। তবে বর্তমানে মামলাটি শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বছরের আগেই একটি চূড়ান্ত রায়ের আশা করা হচ্ছে। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর চালানো এই ন্যাক্কারজনক হামলার পূর্ণাঙ্গ বিচার সম্পন্ন হওয়া এখন সময়ের দাবি।
রিপোর্টারের নাম 



















