মাতৃত্বের শেষ পর্যায়ে পৌঁছেও নিয়মিত শরীরচর্চায় কোনো ছাড় দিচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাকে ডাম্বেল হাতে স্কোয়াট করতে দেখা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া তাঁর এমন একটি ভিডিও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, গর্ভাবস্থার চূড়ান্ত সময়ে এসে এ ধরনের ভারী ব্যায়াম কতটা নিরাপদ?
গর্ভাবস্থার শুরু থেকেই শরীরচর্চার নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামান্থা। কখনো সিটেড কেবল রো, আবার কখনো ওজন তুলে স্ট্রেংথ ট্রেনিং করতে দেখা গেছে তাঁকে। এবার নবম মাসে এসেও ডাম্বেল নিয়ে স্কোয়াট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
তবে বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, তাঁর ভিডিও দেখে অন্যদের যেন হুট করে এভাবে শরীরচর্চা শুরু না করেন। প্রত্যেকের শারীরিক গঠন ও স্বাস্থ্যগত সক্ষমতা আলাদা। চিকিৎসকের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও পরামর্শ মেনেই তিনি ব্যায়াম চালিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনমতো বিশ্রামও নিচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গর্ভাবস্থার শেষ ধাপে ভারী ওজন নিয়ে শরীরচর্চা সবার জন্য নিরাপদ নয়। এই সময়ে শরীরের সার্বিক ভারসাম্য পরিবর্তিত হয় এবং অস্থিসন্ধিগুলো অনেকটাই শিথিল হয়ে পড়ে। ফলে চোট পাওয়ার কিংবা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। জটিলতা না থাকলে চিকিৎসকের পরামর্শে কেবল হালকা ব্যায়াম, যেমন—হাঁটাহাঁটি, হালকা স্ট্রেচিং বা পেলভিক ফ্লোরের চর্চা করা যেতে পারে। চিকিৎসকরা মনে করিয়ে দেন, মা ও অনাগত সন্তানের সুরক্ষাই এ সময় সর্বাগ্রে বিবেচ্য।
























