ময়মনসিংহের নান্দাইলে পাটশোলা ভর্তি একটি চলন্ত ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো পৌর শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে পৌর শজরের নরসুন্দা নদীর ওপর আচারগাঁও সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটখড়ি ভর্তি ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া থেকে নান্দাইল বাজারের ভেতর দিয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারের দিকে যাচ্ছিল। পথে নান্দাইল বাজারের ওপর দিয়ে বয়ে যাওয়া উচ্চমাত্রার (হাই ভোল্টেজ) বৈদ্যুতিক তারের সঙ্গে পাটখড়ির স্পর্শ লাগে। এতে বিদ্যুতের তার থেকে স্পার্ক (শর্ট সার্কিট) হয়ে মুহূর্তের মধ্যে ট্রাকে আগুন ধরে যায়।
চলন্ত ট্রাকের বাতাসের কারণে আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
আগুন লাগা অবস্থায় ট্রাকটি আচারগাঁও ব্রিজের ওপর পৌঁছালে স্থানীয় লোকজন চিৎকার করে গাড়িটি থামায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী পাশেই বয়ে যাওয়া নরসুন্দা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে আগুনে ট্রাক ও ভেতরের মালামালের ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, নান্দাইল পৌর শহরের ভেতর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। গত এক সপ্তাহের ব্যবধানে একই কায়দায় নান্দাইল পৌর বাজারের মধ্য বাজার এলাকায় আরেকটি খড়ি ভর্তি ট্রাকে একইভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।


























